
বুধবার ভিজেছে বাংলা। একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু তারপরও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দক্ষিণবঙ্গেই বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরে মোটের উপর ভালই থাকবে আবহাওয়া।
ওদিকে আবার বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। সেটি সাইক্লোনেও পরিণত হতে পারে। আর তেমনটা হলে আবহাওয়া আবার বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আর সময় নষ্ট নয়, বরং আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন।
নিম্নচাপের কী খবর?
বঙ্গোপসাগরে ইতিমধ্যেই পরপর দু'টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। আরও একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে আকভান। এই নামটি ইরান দিয়েছে। যদিও ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছেই, এর কোনও নিশ্চয়তা নেই। তবে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে বলে খবর।
বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ১৩ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি তৈরি হওয়ার পর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও শক্তি সঞ্চয় করতে পারে। তারপর সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।
এর প্রভাবে আগামী ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগর ও সংলগ্ন সমুদ্র এলাকায় আবহাওয়ার অবনতির আশঙ্কা রয়েছে। ওই সময় সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। যদিও এটি তৈরি হলে, তার কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না, সেটা এখনও জানা যায়নি।
আজ কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কমবে বৃষ্টি। তবে এখনও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, বৃহস্পতিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। তবে এদিন ভারী নয়, হালকা বর্ষণের সম্ভাবনাই প্রবল।
যদিও উত্তরবঙ্গের কোথাও আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সর্বত্রই আবহাওয়া থাকবে ভাল।
ওদিকে শুক্রবার থেকে সমগ্র বাংলার আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
নামবে তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা কমতে চলেছে। এটি আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর সপ্তাহের শেষেই সেটা ২০ থেকে ১৯ ডিগ্রিতে নেমে যেতে পারে।