
রাজ্যে ফের বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই অংশেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ফলে সারাদিনের আবহাওয়াই কিছুটা অনিশ্চিত থাকতে পারে।
কলকাতার আকাশ মেঘলা, রাতে বজ্রঝড়ের সম্ভাবনা
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারাদিনই আকাশ মূলত মেঘলা থাকবে। বুধবার রাতের দিকে শহরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার আশঙ্কাও থাকছে।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪.১ ডিগ্রি বেশি। ফলে শীতলতার অনুভূতি তেমন ছিল না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৯ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের ক'য়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে-
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
নদিয়া
বীরভূম
মুর্শিদাবাদ
পুরুলিয়া
বাঁকুড়া
এই সব জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে হলুদ সতর্কতা
অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকা সহ একাধিক জায়গায় বজ্রঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস।
বৃষ্টি কাটলেই বাড়বে তাপমাত্রা
এই বৃষ্টির ফলে তাপমাত্রা খুব একটা কমবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বরং দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে। আগামী চার দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও তার পরবর্তী সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
সমুদ্র থেকে ঢুকছে জলীয় বাষ্প
আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক এলাকায় আর্দ্রতা বাড়ছে এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়ো আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো দমকা হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।