
Kolkata Bengal Weather: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট। সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে মাঝারি বৃষ্টি। বুধবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। আগামী ৫ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে(West Bengal Weather Update)। স্পেশাল বুলেটিনে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। সোমবার আলিপুর আবহাওয়া দফতর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের, দিল্লি, লখনউ, পটনা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি, উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অ্যাকটিভ। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
সাধারণ মানুষের এত বুঝে কাজ নেই। তার চেয়ে বরং এক নজরে কোথায় কবে বৃষ্টি জেনে নিন।
দক্ষিণবঙ্গে কোন দিন কোথায় বেশি বৃষ্টি?(South Bengal Rain)
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩ ও ৪ অগাস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
৫ অগাস্ট থেকে বৃষ্টির জোর আরও বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৬ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
৭ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে।
৮ ও ৯ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে(Monsoon Update West Bengal)।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?(Kolkata Weather)
কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সোমবার থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মাঝেমধ্যে দমকা হাওয়াও বইবে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না।
উত্তরবঙ্গের পূর্বাভাস(North Bengal Rain)
৩ থেকে ৫ অগাস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
৪ অগাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
মনে রাখবেন
আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বাড়তে পারে। বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন।