
চৈত্রের শেষ লগ্নে স্বস্তির বৃষ্টি বিদায় নিতেই ফের গরমের দাপট বাড়তে চলেছে রাজ্যজুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা দ্রুত বাড়বে। ৩ থেকে ৪ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে পয়লা বৈশাখে গরম ও অস্বস্তিতে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে।
গত কয়েকদিনের ঝড়বৃষ্টির জেরে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণার কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সাময়িক স্বস্তি দিলেও গরমের ঊর্ধ্বমুখী প্রবণতা থামাতে পারবে না।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে সপ্তাহান্তেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পাঁচ জেলায় দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) সহ বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে সেখানে বৃষ্টির দাপট কমে গিয়ে তাপমাত্রা বাড়বে, যদিও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
কলকাতারও একই ছবি। শুক্রবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে, বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে বৃষ্টি না থাকায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ও অস্বস্তি। আগামী সপ্তাহের শুরুতেই শহরে গরমের প্রকোপ স্পষ্ট হয়ে উঠবে। বুধবার পয়লা বৈশাখ, সেদিনও কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র গরম ও আর্দ্র পরিস্থিতি তৈরি হতে পারে। নিম্ন ট্রপোস্ফিয়ারে শুষ্ক পশ্চিম ও উত্তর-পশ্চিমী বাতাস প্রবাহিত হওয়ার জেরে এই পরিস্থিতি তৈরি হবে।
পূর্বাভাস সংক্ষেপে:
১০ এপ্রিল: পুরুলিয়া ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা, বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
১১ এপ্রিল: গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া।
১২ এপ্রিল: পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি, অন্যত্র শুষ্ক পরিস্থিতি।
১৩ এপ্রিল: কিছু জেলায় হালকা বৃষ্টি হলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতা বাড়বে।
১৪ এপ্রিল: সর্বত্র শুষ্ক আবহাওয়া, গরমের দাপট বাড়বে।
১৫-১৬ এপ্রিল: বৃষ্টি নেই, একাধিক জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর পরিস্থিতি।
সার্বিকভাবে বলা যায়, সাময়িক স্বস্তির পর ফের বৈশাখের চেনা গরমেই ফিরছে বাংলা। তাই বিশেষ করে দুপুরের সময় বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।