
এই প্রথম সমকামী সাংসদ পেতে চলেছে দেশ। আইনজীবী মেনকা গুরুস্বামীকে রাজ্যসভার জন্য মনোনীত করে সেই ইতিহাসই রচনা করল তৃণমূল। সুপ্রিম কোর্টের এই প্রথিতযশা আইনজীবী শুধু আইনি মহলেই নয়, LGBTQA+ সম্প্রদায়ের অধিকার রক্ষার লড়াইয়ে এক পরিচিত মুখও। এই সমকামী আইনজীবীই রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় সওয়াল করেছিলেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল I-PAC মামলাতেও রাজ্যের হয়ে সওয়াল করতে। তবে কি সে কারণেই পুরস্কার হিসেবে পেলেন রাজ্যসভার টিকিট? চলছে জোর চর্চা।
কীভাবে মমতার নজরে পড়েন মেনকা?
মেনকা গুরুস্বামীর নামটা বাংলার জনগণের কাছে একটু অপরিচিত। তাহলে কেন তাঁকে বেছে নিলেন মমতা? যে আরজি কর কাণ্ড গোটা দেশ তথা বিশ্বেও তোলপাড় ফেলে দিয়েছিল, সেই ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকারের আইনজীবী ছিলেন তিনি। SIR থেকে I-PAC, তিনি মামলাগুলি রয়েছেন। তবে ক্ষুরধার এই আইনজীবীর তৃণমূল প্রার্থী হয়ে ওঠার নেপথ্যে রয়েছে ১৪ জানুয়ারির শুনানি পর্ব। কী ঘটেছিল সেদিন?
কলকাতা হাইকোর্টে চলছি I-PAC মামলার শুনানি। তৃণমূল কংগ্রেসের আইনজীবী হিসাবে সওয়াল করছিলেন মানেকা। ED-র তরফে আইনজীবী ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। শুনানির সময়ে যিনি বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে সম্বোধন করেন। কখনও বলেন, 'মিস মমতা' আবার কখনও 'মমতা'। এমন সময়ে কিছুটা আগ্রাসী ভঙ্গিমায় মেনকা গুরুস্বামী রাজুর উদ্দেশে বলেন, 'এরপর আইনজীবী হিসেবে আদালতে বক্তব্য রাখার সময়ে একজন বর্তমান মহিলা মুখ্যমন্ত্রীকে শুধু নাম ধরে সম্বোধন না করে তাঁর পদমর্যাদার মান রাখবেন। তিনি বহুবার নির্বাচিত জনপ্রতিনিধি। আদালতে বক্তব্য রাখতে হলে একটি নির্দিষ্ট শালীনতা ও সৌজন্য বজায় রাখা প্রয়োজন, মিস্টার রাজু।'
অনেকেই মনে করছেন, ওই ফ্রেমটাই হয়তো মেনকাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কাছাকাছি এনে দেয়। তাঁর সওয়ালের ধরন, আগ্রাসী স্বভাব মুখ্যমন্ত্রীকে মুগ্ধ করে।
কী ছাপ রেখেছেন মেনকা?
দীর্ঘদিনের পার্টনার, বিশিষ্ট আইনজীবী অরুন্ধতী কাটজুর সঙ্গেই ২০১৮ সালে সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা বাতিলের ঐতিহাসিক মামলায় লড়েন মানেকা। জয়ীও হয়েছিলেন। তাঁদের এই লড়াই ভারতে সমকামিতাকে অপরাধমুক্ত করেছিল।
বাবা BJP-র স্ট্র্যাটেজিস্ট
মেনকার বাবা, মোহন গুরুস্বামী BJP-র প্রাক্তন স্ট্র্যাটেজিস্ট। তিনি অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা পদে ছিলেন। তবে পারিবারিক এই রাজনৈতিক পটভূমি থাকা সত্ত্বেও মেনকাকে বরাবরই স্বাধীন ভাবে প্রগতিশীল মতাদর্শ নিয়ে কাজ করতে দেখা গিয়েছে।
বর্ণময় কেরিয়ার
মেনকা গুরুস্বামী ‘ন্যাশনাল ল স্কুল’, ‘হার্ভার্ড’ এবং ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়’-এর মতো প্রথম সারির প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন। ছত্তিশগড়ে মাওবাদী দমনে তৈরি বিতর্কিত বাহিনী ‘সলওয়া জুড়ুম’-এর বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন। মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টে ‘অ্যামিকাস কিউরি’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে TIME ম্যাগাজিনের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান মেনকা।