
গত মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। কিন্তু সেপ্টেম্বরে টাকা পেয়েছেন বলেই যে অক্টোবরেও একইভাবে টাকা পাবেন, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা এখনও যাচাইয়ের মধ্যে রয়েছে। সেই যাচাইয়ে কেউ অযোগ্য বলে প্রমাণিত হলে পরের কিস্তি বন্ধ হয়ে যেতে পারে। রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় আগেই এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন।
মালতি রাভা রায় জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়া শুরু হয়ে গেলেও সব আবেদনকারীর যাচাই শেষ হয়নি। তিনি বলেছিলেন '১৭ অগাস্ট অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। এখনও এনকোয়ারি চলছে। পরবর্তীতে যদি দেখা যায় তাঁরা অযোগ্য, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাঁদের নাম বাতিল হবে।' অর্থাৎ, এক বার টাকা ঢুকে গেলেই সেই সুবিধা স্থায়ী হয়ে যাচ্ছে না। পরবর্তী যাচাইয়ে যোগ্যতার শর্ত পূরণ না করলে পরের মাস থেকে টাকা বন্ধ হতে পারে।
এই বক্তব্যের পর থেকেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, গত মাসে টাকা পেলেও কারা এবার বাদ পড়তে পারেন? মূল বিষয় হল, সরকারি নিয়ম অনুযায়ী যাঁরা প্রকল্পের যোগ্য নন, তাঁদের নাম যাচাইয়ের পর তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। বিশেষ করে আবেদনের সময় ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া, তথ্য গোপন করা কিংবা নথির সঙ্গে আবেদনের তথ্যের মিল না থাকলে সমস্যা হতে পারে। মন্ত্রী মালতি রাভা রায় জুলাইয়েই জানিয়েছিলেন, অনেক আবেদনকারী অনলাইনে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করা হচ্ছে। নিয়মের মধ্যে না পড়লে তাঁদের বাদ দেওয়া হবে।
শুধু তাই নয়, প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা পূরণ করাও জরুরি। অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। স্থায়ী সরকারি কর্মী, নিয়মিত সরকারি বেতন বা পেনশনভোগী এবং আয়করদাতাদের মতো নির্দিষ্ট শ্রেণি এই সুবিধার বাইরে। আবেদন যাচাইয়ের সময় এই বিষয়গুলিও দেখা হচ্ছে।
এবার নজর সেপ্টেম্বরের কিস্তির দিকে। সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হয়েছিল ১৭ সেপ্টেম্বর থেকে। ওই দিন 'অন্নপূর্ণা দিবস' উপলক্ষে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ গত মাসে যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই এবারও কিস্তির অপেক্ষায় রয়েছেন।
অক্টোবরে টাকা কবে ঢুকবে? এই মুহূর্তে নির্দিষ্ট কোনও তারিখ সরকার ঘোষণা করেনি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা নিয়ম অনুযায়ী যোগ্য এবং যাঁদের নথি যাচাই হচ্ছে, তাঁরা বঞ্চিত হবেন না। গতকাল ৩ অক্টোবরও তিনি বলেন, 'নথি যাচাই চলছে। যোগ্য সবাই অন্নপূর্ণার টাকা পাবেন। এক জনকেও বঞ্চিত করব না।' ফলে অক্টোবরের কিস্তির ক্ষেত্রে মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে যাচাই প্রক্রিয়া।
আগের ঘোষণা অনুযায়ী, যাচাই সম্পূর্ণ হওয়া যোগ্য উপভোক্তাদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে অক্টোবরের জন্য এখনও নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি। তাই ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যে টাকা ঢুকবে, এমন নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। পুজোর মাস হওয়ায় অনেকের আশা, দ্রুত টাকা মিলবে। কিন্তু সরকারি ঘোষণা না আসা পর্যন্ত নির্দিষ্ট তারিখ ধরে নেওয়া ঠিক হবে না।
এদিকে যাঁরা এখনও অন্নপূর্ণার টাকা পাননি বা যাঁদের আবেদন 'আন্ডার এনকোয়ারি', 'আন্ডার প্রসেস' কিংবা 'রিজেক্টেড' দেখাচ্ছে, তাঁদের সমস্যা খতিয়ে দেখার উদ্যোগও চলছে। ২ অক্টোবর থেকে শুরু হওয়া সেবা সেতু শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানের সুযোগ রাখা হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় অন্নপূর্ণার টাকা না পাওয়া নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ-বিক্ষোভের খবর সামনে এসেছে।
তাই গত মাসে ৩ হাজার টাকা পেয়েছেন মানেই অক্টোবরেও টাকা নিশ্চিত- এমন নয়। যোগ্যতা, নথি এবং আবেদনের তথ্য ফের যাচাই হতে পারে। আর সেই যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে তালিকা থেকে নাম বাদ পড়ে পরের কিস্তি বন্ধ হতে পারে। অন্য দিকে, যাঁরা সত্যিই যোগ্য, তাঁদের বঞ্চিত করা হবে না বলেই বারবার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।