
অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরেও টাকা না পাওয়ার অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। শতাধিক মহিলা রাস্তায় নেমে পড়ায় পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সরকারের নিয়ম মেনে তাঁরা একাধিকবার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। কিন্তু আবেদন করার পরেও অনেকেই এখনও টাকা পাননি। তাঁদের বক্তব্য, একই প্রকল্পে কেউ টাকা পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। দিলে সবাইকে দিতে হবে, না হলে কাউকেই না।
এই অভিযোগে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা। গুরুত্বপূর্ণ এই রাস্তা আটকে বিক্ষোভ শুরু হওয়ায় তৈরি হয় তীব্র যানজট। রাস্তায় দাঁড়িয়ে পড়ে বহু যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি। সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, আগে থেকে কোনও ঘোষণা না করেই এই অবরোধ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। ফলে আচমকাই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।
রিপোর্টার-শাহজাহান আলি