এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে ঝোড়ো ব্যাটিং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে অভিষেকের প্রশ্ন, 'সৌরভ দালাল হলে অমিত শাহ তাঁর বাড়িতে গিয়ে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়েছিলেন কেন ?'। প্রসঙ্গত কিছুদিন আগে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে 'দালাল' বলে আক্রমণ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। এবার সেই বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্মতলায় এসআইআর এর প্রতিবাদে চলা ধর্না মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হন, তাহলে ২০২১ সালে অমিত শাহ বগল দাবাই করে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন কেন ? অমিত শাহের কী দালালি ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এলো ? সৌরভকে তল্পিবাহক ও ক্রীতদাস বানাতে গিয়েছিল, হয়নি। বাঙালি তো মাথা নত করবে না।'