প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেনশন না পাওয়া এবং বইয়ের রয়্যালটি আটকে থাকা সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূল সুপ্রিমোর এই আশঙ্কা ও অভিযোগকে চরম কটাক্ষে বিঁধলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। অধীরের কথায়, 'তৃণমূল জামানায় দিদি নিশ্চয়ই বইয়ের রয়্যালটির টাকা পেয়েছেন। কারণ ওই বইগুলো তো কেউ স্বেচ্ছায় পড়ত না, জোর করে পড়ানো হত! ঠিক যেমন ছোটদের মুখে না চাওয়া সত্ত্বেও জোর করে তেতো ওষুধ ঢেলে দেওয়া হয়, সেভাবেই ওই বইগুলো গেলানো হতো। তাঁর লেখা কবিতা পড়ার মতো লোক বাংলায় কতজন আছে, তা আমার জানা নেই।'