বিজেপি রাজ্যে বিরাট জয় কংগ্রেসের। একের পর এক রাজনৈতিক সমীকরণ বদলের পর শেষ হাসি হাসল হাত। আর সেই জয়ের নেপথ্যে ফের সামনে এলেন অধীর চৌধুরী। ক্ষমতার অঙ্কে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতি কার্যত হাতছাড়া। মঙ্গলবার আস্থা ভোটের মঞ্চে তৃণমূলের 17 জন আর কংগ্রেসের 8 জনের হাত ধরেই বদলে গেল পুরো ছবিটা। শুধু সভাপতি বদল নয়, এই ভোট যেন মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন বার্তাও দিয়ে গেল—দলবদলের হাওয়ায় এখনও নিজের রাজনৈতিক জমি ধরে রাখার ক্ষমতা রয়েছে কংগ্রেসের।মুর্শিদাবাদের বড়ঞা পঞ্চায়েত সমিতিতেই ঘটল এই পালাবদল। 38 আসনের এই পঞ্চায়েত সমিতিতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 21টি আসন। বিজেপি 8, কংগ্রেস 7 এবং সিপিএম পেয়েছিল 2টি আসন। সংখ্যার বিচারে শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু বোর্ড গঠনের সময় অঙ্কটা আরও জটিল হয়ে যায়। তৃণমূলের 6 জনের সঙ্গে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম সদস্যরা একজোট হন। সেই সমীকরণেই সভাপতি হন তৃণমূলের সুলতানা খাতুন।