মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক টেবিলে বসে মিড-ডে মিল খাওয়ার পরে আপ্লুত হাওড়ার ব্যাটরার মধুসুদন পাল চৌধুরী হাইস্কুলের পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগতাড়িত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। স্কুল কর্তৃপক্ষের দাবি, মুখ্যমন্ত্রীর জন্য মিড-ডে মিলে আলাদা কিছু করা হয়নি। প্রতিদিন পড়ুয়াদের জন্য যে খাবার রান্না হয়, সেটাই তৃপ্তিতে খেয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানান, এই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১২০০। তাদের মধ্যে মিড-ডে মিল খায় গড়ে চারশোর মতো পড়ুয়া। ছাত্রদের সঙ্গেই একসঙ্গে খাওয়াদাওয়া করলেন শুভেন্দু। মিড ডে মিলের রান্নায় তিনি এতটাই তৃপ্ত হন যে, মিড ডে মিলের রাঁধুনিদের প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী। খাওয়া শেষে তিনি জেলাশাসককে বলেন, 'ডিএম ম্যাডাম, খুব ভাল খাইয়েছেন এঁরা। আমার তরফ থেকে এঁদের ৫ জনকে ৫টি শাড়ি পাঠিয়ে দেবেন।'