নন্দীগ্রাম দিবসে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে আনলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলনের সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, "২০০৭ সালের ১০ নভেম্বরের পর রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই... নাম বলব না। তিনি প্রয়াত হয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী। তিনি রাইটার্সে বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, 'দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওউন কয়েন'। প্রয়াত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে খুব সৎ লোক ছিলেন। দলটা খারাপ ছিল। আমি প্রয়াত ব্যক্তির নাম বলতে চাই না। ওঁর সহধর্মিনী কয়েক দিন আগে অসুস্থ ছিলেন। আমি দেখতে গিয়েছিলাম।"