বদলের বাংলায় ফের এনকাউন্টার। শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রতন শেখকে খতম করল পুলিশ। রবিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে ধর্ষক, খুনি ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও রকম সহনশীলতা দেখানো হবে না। অপরাধ দমনে পুলিশের নীতি হবে জিরো টলারেন্স। রতন শেখের বিরুদ্ধে মোট ৩২টি মামলা ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে ধরতে গিয়ে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অভিযানে অংশ নেওয়া পুলিশকর্মীরাই বলতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পুলিশের উপর হামলার ঘটনা নিয়ে কড়া অবস্থান জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, 'পুলিশকে গুলি করলে পুলিশ তো আর পুষ্পবৃষ্টি করবে না! পুলিশকে মারতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? বাংলায় ধর্ষক, খুনি, গুন্ডাদের কোনও স্থান নেই। পুলিশকে যে গুলি মারবে, ডিউটিতে থাকা পুলিশ অন-স্পট তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কোনও সহনশীলতা নেই, জিরো টলারেন্স! বাংলায় এক জনও ধর্ষক বা গুন্ডা থাকবে না।'