বর্ধমানে প্রশাসনিক সভায় গরু পালন নিয়ে রাজ্য সরকারের অবস্থান ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'গোপালকরা দুগ্ধ কেনাবেচা করবেন। গোশালা বানান, টাকা দেব, আমূলকে দিয়ে দুধ কিনে নেব। কিন্তু গোমাতার উপর অত্যাচার করতে দেব না।' বর্ধমানে পৌঁছে তিনি প্রথা মেনে ৩৫০ বছরেরও বেশি প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে যান এবং দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্যের মতে, তিনি বাংলার প্রথম মুখ্যমন্ত্রী যিনি এই মন্দিরে এসে পুজো দিলেন। মেমারিতে দাঁড়িয়ে তিনি সাফ জানান, কৃষকদের বঞ্চিত করার জন্য কোনও দালাল, রাইসমিলের মাফিয়া, ২ নম্বর লোক থাকবে না। সমস্ত ধান কিনবে সরকার। ১০০ কুইন্টাল ধানে ২০ হাজার টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে।