দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্যে বিজেপি ও আরএসএস-কে একহাত নিল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীর কটাক্ষ, বিজেপি, আরএসএস-এর স্লিপার সেল এঁরা। তাঁর কথায়, 'দুর্গাপুজোয় নবমীর দিনি পাঁঠা বলি। সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ। এটা শুধু আমাদের ধর্মীয় আচার নয়, এগুলো আমাদের সংস্কৃতির মধ্যে মিশে গিয়েছে। বিজেপি ও আরএসএস-এর সমস্যা হল, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে যে কাজ নিজেরা করতে পারছে না, তার জন্য বিভিন্ন ধরনের স্লিপার সেল তৈরি করেছে। সনাতনী মহাসভা, হিন্দু জাগরণ মঞ্চ ইত্যাদি। রাস্তার বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে। বিজেপি ভাবছে, এই কথাগুলি বললে আগামী বিধানসভা নির্বাচনে ভোট হাতছাড়া হবে। তাই বিভিন্ন ধরনের স্লিপার সেল তৈরি করে ওই কথাগুলি বলাচ্ছে। হঠাত্ দেখলাম কোন এক বাবা এসে উপস্থিত হলেন, বাগেশ্বর ধাম থেকে, তিনি এসে বাঙালিদের জ্ঞান দিচ্ছেন। দুর্গাপুজোয় আমিষ খাওয়া উচিত নয়, মণ্ডপের আশপাশে আমিষ নিয়ে যাওয়া উচিত নয়। নবমীতে পাঁঠা বলি হবে কিনা, তা বাগেশ্বর ধামের বাবা ঠিক করে দেবেন?'