২০২৬ সালের নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যের যে সমস্ত জায়গায় তৃণমূলের শক্তঘাঁটি ছিল, সেখানেও উঠছে গেরুয়াঝড়। এরপরেই শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। এর মধ্যেই বেসুরো রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা মানস ভুঁইয়া। পরাজয়ের জন্য নিজেকে দায়ী করে দলের সর্বোচ্চ নেতৃত্বকে একহাত নিলেন তিনি। শুধু তাই নয়, ‘মেদিনীপুরের ছেলে’ শুভেন্দু অধিকারীর প্রশংসাও এদিন উঠে আসে মানস ভুঁইয়ার বক্তব্যে। বলেন, 'শুভেন্দু মেদিনীপুরের সন্তান। ওকে বিলক্ষণ চিনি। মেদিনীপুরের একজন মানুষ হিসাবে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ায় গর্ব অনুভব করছি।' রীতিমতো অভিমানের সুরে রাজ্যের প্রাক্তনমন্ত্রী বলেন, '২০১১ সালে রাজ্যে ঐতিহাসিক পরিবর্তনের সময় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আমি কাঠবিড়ালির ভূমিকা পালন করেছিলাম। কিন্তু সেই কাজের স্বীকৃতি কেউ আজ পর্যন্ত দেয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোনোদিন এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ একটি কথাও বলতে শোনা যায়নি।'