মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর উপস্থিতিতেই 'লুট' চলল। জগন্নাথদেবের প্রসাদের ভাণ্ডার! উলটো রথের আগের দিন ২৮৬ বছরের প্রাচীন রীতি মেনে হুগলির গুপ্তিপাড়ায় পালিত হল 'ভাণ্ডার লুট' উৎসব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে হাজার হাজার ভক্ত মুহূর্তের মধ্যে লুঠ করে নিলেন জগন্নাথদেবের ভোগে ভর্তি শত শত মাটির হাঁড়ি। আর সেই বিরল দৃশ্য দেখতে বড়বাজারের মাসির বাড়ি চত্বরে উপচে পড়ে মানুষের ভিড়। গুপ্তিপাড়ার ২৮৬ বছরের প্রাচীন রথযাত্রার অন্যতম আকর্ষণ এই ভাণ্ডার লুট। প্রতি বছর উলটো রথের আগের দিন বড়বাজারের 'মাসির বাড়ি'তে একটি ঘরে মাটির হাঁড়িতে সাজিয়ে রাখা হয় জগন্নাথদেবের ভোগ- পায়েস, মিষ্টান্ন, নানা ধরনের প্রসাদ ও খাদ্যসামগ্রী । নির্দিষ্ট সময়ে দরজা খুলে দেওয়া মাত্রই ভক্তরা হুড়োহুড়ি করে সেই প্রসাদ সংগ্রহ করেন। লোকমুখে এই প্রথাই 'ভাণ্ডার লুট' নামে পরিচিত । বৃহস্পতিবার সন্ধে পৌনে সাতটা নাগাদ অনুষ্ঠানে পৌঁছন মুখ্যমন্ত্রী । নিরাপত্তার দায়িত্বে ছিল কয়েকশো পুলিশকর্মী । কিন্তু প্রাচীন রীতির সামনে নিরাপত্তার কোনও বাধা ছিল না।