বাংলার কোটি কোটি মানুষ আল লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীর জন্য মমতাদি বাংলার নেত্রী হয়েছেন। কোনও রক্তের সম্পর্কের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। লড়াইকে সামনে নিয়ে যেতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হবে। আমি তো সব ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি। আমার জীবন, যৌবন, আমার পেশা, সংসার সবই মমতা দির জন্য স্যাক্রিফাইজ হয়েছে। আজ যদি তিনি শুধু অভিষেক অভিষেক করেন তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে। ২১ জুলাই-এর মঞ্চত্যাগের ঘটনা নিয়ে নয়াদিল্লির সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, মানুষও জানে আমি লড়াই করি। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলে থেকেই করব। দরকার হলে দলে থেকে ঝগড়া করেই করব। অনেকে আমায় মেসেজ করছেন, ফোন করছেন, দাদা দল ছেড়ে যাবেন না। আমি দল ছেড়ে যাব কেন? আমি ওই আশি জন বা কুড়ি জনের মতো নই। কিন্তু দিদিকে বুঝতে হবে। এখনও যদি দিদি না বুঝতে চান, তাহলে দিদিই দল তৈরি করেছেন তিনই দল শেষ করবেন।