'আমরা আয়ুষ্মান ভারত করে দেব। আপনার জন্য সিঙ্গেল বেডেরও ব্যবস্থা করে দেওয়া হবে, কারোর সঙ্গে শেয়ার করতে হবে না।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে কটাক্ষ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এদিন আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের কাছে খবর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি পালাতে পারবেন না।' তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএমে চিকিৎসায় অনীহা নিয়ে কার্যত কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, 'যদি বাংলার ১১ কোটি মানুষ নীল সাদা সুপার স্পেশালিটি হাসপাতালে এক বেডে দু-তিনজন করে শুয়ে চিকিৎসা করাতে পারে, তাহলে আপনাকেও করাতে হবে। আমরা আয়ুষ্মান ভারত করিয়ে দেব। কুকুর বেড়ালের সঙ্গেও বেড শেয়ার করতে হবে না। আর আপনার ওই সেবাশ্রয়ে হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে যেমন কারোও পা কাটা গিয়েছে, অন্তত তেমনটা হবে না। আপনাকে এসএসকেএমেই চিকিৎসা করাতে হবে।'