মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, কারা আসল তৃণমূল? ঘাসফুল শিবিরের এই টানাপোড়েনের মধ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। রবিবার সকালে দিলীপ বলেন, 'তৃণমূলে কে কার সঙ্গে যাচ্ছেন, কারা নতুন কমিটি গড়ছেন বা ভাঙছেন সেগুলি আমাদের চিন্তার বিষয় নয়। স্পিকার দেখছেন। কমিশন বা হাইকোর্ট ঠিক করবে এসব। কাদের হাতে তহবিল যাবে, কার হাতে দলের রাশ- এসব নিয়ে আমরা চিন্তিত নই। এসব ওদের অভ্যন্তরীণ ব্যাপার। বিধানসভায় যাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত করবেন তাঁরাই হবেন। তবে আমরা বিরোধী চাই বিধানসভায়।' পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, 'কালীঘাট আগেই ফাঁকা হয়ে গেছে। সেজন্য মমতা নিরাশ। বারুইপুর কাণ্ডে প্রতিবাদে নেমে তো নিজের দলের লোককেই চড় মারলেন। এটা চরম হতাশার প্রকাশ।'