সরকারি হাসপাতাল! সেখানে চিকিৎসা করাতে এসে সাধারণ মানুষকে এমনিতেই নানা সমস্যার মুখে পড়তে হয়। তার উপর যদি হাসপাতালের শৌচাগার ব্যবহার করতেও দিতে হয় নির্ধারিত টাকার চেয়ে বেশি, তাহলে সাধারণ রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা যাবেন কোথায়? সরকারি পরিষেবার নাম করে সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত টাকা আদায়ের এমনই এক অভিযোগ ঘিরে এবার তীব্র চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, শৌচাগার ব্যবহারের জন্য সরকারি নির্ধারিত টাকার বদলে আদায় করা হচ্ছিল অনেক বেশি টাকা। শুধু তাই নয়, চাওয়া টাকা দিতে না পারায় এক রোগীর পরিজনের মোবাইল ফোন পর্যন্ত আটকে রাখার অভিযোগ উঠেছে শৌচাগারের কর্মীর বিরুদ্ধে। অর্থাৎ, হাসপাতালের মতো জায়গায় শৌচাগার ব্যবহার করতেও কি দিতে হবে বাড়তি টাকা? এই প্রশ্নই যখন সামনে আসছে, তখন আর চুপ করে থাকেননি বিজেপি বিধায়ক। অভিযোগের খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ। শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বিতর্কিত ‘পে অ্যান্ড ইউজ’ শৌচাগার। সরকারি পরিষেবার আড়ালে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সামনে আসতেই বিধায়কের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে আলোচনা।