একটা সময় ছিল, যখন এলাকার মানুষ চোখের সামনে দিনের পর দিন অবৈধ কারবার চলতে দেখেও মুখ খুলতে সাহস পেতেন না। কোথা থেকে বালি উঠছে, কারা তুলছে, কোন পথে সেই বালি যাচ্ছে, আর কারা এই কারবারের পিছনে রয়েছে, সব কিছুই যেন স্থানীয় মানুষের জানা। অথচ প্রকাশ্যে সেই কারবার চললেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে থেকেই যেত প্রশ্ন। কিন্তু এখন সময় বদলেছে। হাতে হাতে মোবাইল ফোন। চোখের সামনে কোনও অনিয়ম দেখলেই ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হচ্ছে প্রশাসনিক তৎপরতা। তাহলে কি এখন বালি, কয়লা কিংবা পাথরের কারবারে দুর্নীতি ধরার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে মোবাইলের ক্যামেরা? মানুষ কি প্রশাসনের কাছে অভিযোগ জানানোর আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়াকেই বেশি কার্যকর বলে মনে করছেন? কারণ, অনেকের অভিযোগ, মোবাইলে তোলা কয়েক সেকেন্ডের ভিডিও সামনে এলেই প্রশাসনের নজর পড়ে, পুলিশও নড়েচড়ে বসে। অথচ দিনের পর দিন একই কাজ চললেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন থেকেই যায়।