তৃণমূল কংগ্রেসের অন্দরের অসন্তোষ এবার প্রকাশ্যে এনে দিলেন দলের সাংসদ প্রতিমা মণ্ডল। বিরোধী দলনেতা ও বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার বিমানে সফর নিয়ে কটাক্ষের প্রসঙ্গে প্রতিমা মণ্ডল বলেন, 'হ্যাঁ, এটা সত্যি। উনি এভাবেই যাতায়াত করেন। আমি মিথ্যা বলব না।' একই সঙ্গে তিনি স্বীকার করে নেন যে সাধারণ মানুষ এই বিষয়গুলিকে ভাল ভাবে নেয়নি। তাঁর কথায়, “মানুষ এগুলো মেনে নেয়নি বলেই আজ তৃণমূল কংগ্রেস এই অবস্থায় এসে পৌঁছেছে, যেখানে আমরা সরকার গঠন করতে পারিনি।” বিদ্রোহী তৃণমূল নেতাদের অভিযোগ ছিল, দলের সর্বোচ্চ নেতৃত্ব তাঁদের গুরুত্ব দেয়নি এবং একাংশকে ক্রমশ কোণঠাসা করা হয়েছিল। এই প্রসঙ্গে প্রতিমা মণ্ডল বলেন, “ভুল অবশ্যই হয়েছিল। সেই কারণেই মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেনি এবং আমরা ক্ষমতায় ফিরতে পারিনি। এবার আমরা মানুষের মন ঠিকমতো বুঝতে পারিনি।” নির্বাচনী কৌশল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, তৃণমূলের উচিত ছিল মানুষের দুয়ারে গিয়ে বিনয়ের সঙ্গে ভোট চাওয়া। প্রতিমা মণ্ডল বলেন, “আমারও মনে হয়েছে, এবার নির্বাচনী প্রচার ঠিকভাবে হয়নি। আমাদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চাওয়া উচিত ছিল।” এছাড়াও ভোটকৌশল নির্ধারণে কর্পোরেট সংস্থা আই-প্যাকের (I-PAC) ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, “আমার মনে হয়, রাজনৈতিক প্রক্রিয়ায় কর্পোরেট কাঠামো বা আই-প্যাককে এত বেশি গুরুত্ব দেওয়া মানুষ পছন্দ করেনি।”