সীমান্তের ওপার থেকে কি নিঃশব্দে ঢুকে পড়ছে একের পর এক অচেনা মুখ? রাতের অন্ধকারে নয়, এবার পুলিশের চোখে পড়ল দিনের আলোতেই ঘোরাফেরা করা দুই সন্দেহভাজন। আটক, জিজ্ঞাসাবাদ, তারপর সামনে এল চাঞ্চল্যকর পরিচয়—দু’জনই বাংলাদেশের নাগরিক বলে পুলিশের দাবি। কিন্তু এখানেই কি গল্প শেষ? নাকি এই গ্রেফতারির পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও তথ্য? ক্ষমতার পালাবদল হয়েছে, সরকার বদলেছে, কিন্তু সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক ধরা পড়ার ঘটনা যেন থামছেই না। তাহলে প্রশ্ন উঠতেই পারে—সীমান্ত নিরাপত্তার ফাঁকটা কোথায়? আর ধৃত দু’জনের ভারতে আসার আসল উদ্দেশ্যই বা কী? মুর্শিদাবাদের ভগবানগোলায় ফের দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়ার পর ভগবানগোলা থানার বিশেষ পুলিশ দল স্টেশন রোড এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই ব্যক্তিকে। পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং এ দেশে থাকার কারণ—একাধিক বিষয় খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা।