দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির দিকে এখন নজর আবহাওয়াবিদদের। যদিও আগে 26 মে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছিল মৌসম ভবন, তবে বিভিন্ন বায়ুমণ্ডলীয় কারণে সেই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই কেরল এবং তামিলনাড়ুর আরও কিছু অংশে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটতে পারে। একই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাতেও মৌসুমি বায়ুর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাব আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও স্পষ্ট হতে চলেছে।দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দাপট বজায় থাকবে। আগামী 2 থেকে 3 দিনে কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। তবে সপ্তাহের শেষভাগে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।