একটা সময় ছিল, ক্ষমতার দাপটে যাঁদের সামনে সাধারণ মানুষের গলা আটকে যেত, আজ তাঁদেরই কাউকে কাউকে দেখা যাচ্ছে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে জবাব দিতে। বদলে যাওয়া রাজনৈতিক আবহে তাই খড়দহের এই ছবি যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ—ক্ষমতার মসনদ যতই উঁচু হোক, অভিযোগের তদন্ত আর আইনের হাত যখন সামনে এসে দাঁড়ায়, তখন সেই মসনদও আর ঢাল হয়ে উঠতে পারে না। আর বুধবার ব্যারাকপুর আদালতের পথে সেই ছবিই যেন আরও নাটকীয় হয়ে উঠল। পুলিশের ঘেরাটোপে টিটাগড় পুরসভার পদত্যাগী পুরপিতা সনু সাউ, আর তাঁকে লক্ষ্য করে উড়ে এল একের পর এক ডিম। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল আদালত চত্বরের পরিস্থিতি।