দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার, ৩ অগাস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার, 4 অগাস্ট থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গভীর নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। সরাসরি এর প্রভাব আর নেই বাংলাতে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ছত্তিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে ছয় জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে,বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। কলকাতায় শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না হলেও সামান্য অস্বস্তি হতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি।