সন্দেশখালিতে চাষের জমিতে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করে নামানো হয়েছে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সোমবার, ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফরের পর এই বিস্ফোরক অভিযোগ তুললেন সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর অভিযোগ, যে জমিতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নেমেছে সেই জমিতে আর চাষ হবে না। মুখ্যমন্ত্রী হয়তো অস্থায়ী হেলিপ্যাডের সিমেন্টটা তুলে দিতে পারেন। কিন্তু সেই জমনিতে যে আর চাষ হবে না সেটা কি একবারও ভেবে দেখেছেন? প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী সোমবার অভিযোগ করেছিলেন যে সন্দেশখালিতে টাকার খেলা হয়েছে। এবিষয়ে রেখা পাত্র বলেন, মুখ্যমন্ত্রী যে সভাগুলি করেন সেগুলি কিন্তু সরকারি টাকায়, মানুষের টাকা মেরে করেন। আর বিজেপি যে সভাগুলো করে সেগুলি কিন্তু বিজেপি নেতাদের গ্যাঁটের টাকা খরচ করে। তাই মুখ্যমন্ত্রীর কোনও কথা বলার আগে ভেবেচিন্তে বলা উচিৎ।