আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে আদালতে নিয়ে যাওয়ার পথে উত্তেজনা ছড়াল। খড়দা থানা থেকে তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় সোমনাথকে লক্ষ্য করে ডিম ছোড়া হল। সেই সময় স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে দেখে ‘চোর, চোর’ স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় সোমনাথ দে-কে। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথের বিরুদ্ধে আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, আরজি করের নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করার ক্ষেত্রে ভূমিকা ছিল সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার আর এক প্রাক্তন চেয়ারম্যান নির্মল ঘোষের। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বলে জানা গিয়েছে।