তৃণমূল কংগ্রেসকে ফের নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চূড়ান্ত কটাক্ষ করলেন তিনি। বললেন, 'তৃণমূল কোনও রাজনৈতিক দল ছিল না। তৃণমূল এখন কোনও দল নেই। তাই তাদের বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা, কোনও উত্সাহ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নেই। যারা বিচারব্যবস্থার উপর আস্থা রাখে না, সম্পূর্ণ ভাবে সংবিধানকে চ্যালেঞ্জ করে, তারাই বিভিন্ন সময় দিল্লিতে রাজনীতি রাজনীতি খেলা করছে।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির'মন্তব্যকেও কটাক্ষ করলেন শমীক। বললেন, 'রবীন্দ্রনাথ উপর থেকে হাসছেন। চমকে চমকে উঠছেন। ভাবছেন, কী লিখেছিলাম, কাদের জন্য লিখেছিলাম, কারা পড়ছে! যান উনি ওঁর নির্বাচনী কেন্দ্রে। ২৩৪ জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে। তৃণমূলের তো সবাই সুস্থ আছেন। কারও বাড়ি, গাড়ির কাচ ভাঙা পর্যন্ত হয়নি। বিজেপি ক্ষমতায় আছে বলেই উনি এই সব কথা বলার সাহস পাচ্ছেন। এটা যদি রেজাল্ট অন্য হত, তা হলে হয়তো খুন করে দেওয়া হত, কিংবা রাজ্য ছেড়ে অন্য জায়গায় পালাতে হত।'