ঘূর্ণিঝড় 'আকভান' বুধবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং আগামী ২০ তারিখ দুপুরের মধ্যে ৯০ থেকে ১০০, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যের সমস্ত মৎস্যজীবীদের আগামী ২০ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আজ অর্থাৎ ১৮ তারিখ আমাদের রাজ্যের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ১৯ ও ২০ তারিখ থেকে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উপকূল ও উপকূল সংলগ্ন কয়েকটি জেলাতে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২১ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর আগামী ২০ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গ সংলগ্ন জেলা অর্থাৎ মালদা দুই দিনাজপুর ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী ২১ ও ২২ তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।