প্রচণ্ড গরম, তীব্র রোদ আর ভ্যাপসা আবহাওয়ায় গত কয়েকদিন ধরেই নাজেহাল বাংলার মানুষ। বিশেষ করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সকাল গড়াতেই অস্বস্তির পারদ চড়তে শুরু করছে। সকাল 8টার পর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘাম ও অস্বস্তি যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। দিনের বেলায় প্রখর রোদের তেজে বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়ছে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল ও সন্ধ্যার পর কালবৈশাখীর প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার প্রবেশ ঘটেছে। ফলে পাহাড় থেকে ডুয়ার্স— সর্বত্রই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়বে।