তৃণমূল কংগ্রেস যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তখন INDIA জোটের বৈঠকে গিয়ে কংগ্রেসের সঙ্গে সখ্য বাড়িয়ে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোমবার বিরোধীদের ওই মিটিংয়ে মমতাকে দেখা গেল সনিয়া গান্ধীর সঙ্গে আলিঙ্গন করতে। রাহুল গান্ধীর সঙ্গে কথা বললেন। সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাশে বসলেন। এখন প্রশ্ন হল, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে যদি ফের কংগ্রেসে ফেরেন, তাহলে কি প্রদেশ কংগ্রেস স্বাগত জানাবে? bangla.aajtak.in-কে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বললেন, 'কংগ্রেসের আদর্শ নীতিকে বিশ্বাস করে এবং আরএসএস-র যে বিচারধারা ও বিজেপির যে স্বৈরাচারের বিরুদ্ধে রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়ে যাঁরাই লড়তে চান, তাঁদের জন্য কংগ্রেসের দরজা সব সময় খোলা। রাহুল গান্ধীকে আগামী দিনে যাঁরা ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান, তাঁরা কংগ্রেসে আসলে, সবাইকে স্বাগত।'