আগামী ৩ দিন ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে গরম অত্যধিক হবে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে সোমবার, ২০ এপ্রিল স্থানীয়ভাবে কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৩৫-৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা প্রায় ৪০ ছুঁইছুঁই। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় দুপুরে ব্যাপক গরম অনুভূত হতে পারে বলেও জানানো হয়েছে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে মেঘের ঘনঘটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। IMD-র পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।