ভোট। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। আর সেই ভোটকে ঘিরেই যখন দেশের রাজনীতিতে শুরু হয় বিতর্ক, ওঠে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, তখন সেই আবহের ছাপ পড়ে উৎসবের মণ্ডপেও। একদিকে নির্বাচন কমিশনকে ঘিরে প্রতিবাদ, অন্যদিকে ভোট চুরি নিয়ে রাজনৈতিক তরজা। এরই মধ্যে দুর্গাপুজোর মঞ্চে উঠে এল ভোটগ্রহণ কেন্দ্রের ছবি। শুধু পুজোর আনন্দ নয়, মণ্ডপের প্রতিটি সাজসজ্জায় যেন জায়গা করে নিল নির্বাচন এবং গণতন্ত্রের প্রসঙ্গ। আর এই অভিনব ভাবনার মধ্য দিয়েই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিশেষভাবে ধন্যবাদ জানানোর উদ্যোগ নিল এক পুজো কমিটি। রাজনৈতিক বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। তাহলে কি পুজোর মণ্ডপ থেকেই ভোটের রাজনীতিতে বার্তা দিতে চাইছে বাংলা? CJP-র প্রতিবাদ এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আবহে এই পুজোর থিম ঘিরে প্রশ্ন উঠছে, আলোচনাও বাড়ছে।