ঝেঁপে বৃষ্টির সেই চেনা ছবি এখনও সেভাবে দেখা না গেলেও, রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও কয়েক মিনিটের জোর বৃষ্টি, আবার কোথাও ঘণ্টাখানেকের টিপটিপ বর্ষণ। এর মধ্যেই রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ইতিমধ্যেই সেটি ওড়িশা উপকূলে প্রবেশ করেছে। বালাসোরের কাছ দিয়ে এই গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।