রাজ্যের মানুষের জন্য দারুণ খবর। সোমবার থেকেই বেড়ে গেল বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষ ভাবে সক্ষমদের দিব্যাঙ্গ ভাতা। এদিন নবান্ন সভাঘর থেকে এই বর্ধিত হারে ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন এই স্কিমগুলির আওতায় ভাতা পাওয়া যেত ১০০০ টাকা। সোমবার থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে হল ১৫০০ টাকা। জানানো হয়েছে, এদিন রাজ্যের মোট ৮২ লক্ষের অ্যাকাউন্টে পৌঁছবে ১৫০০ টাকা। পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও জানান, 'আগের সরকারের আমলে যাবতীয় ওয়েটিং লিস্টে থাকা আবেদন আজ থেকে বাতিল করা হচ্ছে। এর পরবর্তীতে, যারা বর্তমান সরকারের জনকল্যাণ শিবিরে নাম লিখিয়েছেন, তাঁদের ভেরিফিকেশন করে আগে টাকা দিতে হবে। এর বাইরে রাজ্য সরকারের চালু করা 'আপনার সরকার, আপনার পাশে' সেখানে যারা নাম লিখিয়েছেন, আবেদন করেছেন, তাঁদেরও ভেরিফিকেশন করে অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমান সরকারের আমলে নতুন করে প্রাপকদের ওয়েটিং লিস্টের তালিকা তৈরি করা হবে।"