এই মুহূর্তে ছত্রিশগড়ের ওপরে একটি গভীর নিম্নচাপ রয়েছে। যার প্রভাবে আগামী দু'দিন আমাদের রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়। তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশ কিছুটা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। ১ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে। এর সঙ্গেই আজ দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এবং আগামী ৩১ তারিখে নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পরবর্তীতে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।