এই মুহূর্তে আমাদের রাজ্যের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৫ দিন দুই বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ অর্থাৎ ১২ এবং আগামী ১৩ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচটি জেলা। এবং দুই দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ ও নদিয়াতে। তারপর আগামী ১৩ই জুলাই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। এর পরের দুইদিন অর্থাৎ ১৪-১৫ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমে যাবে। এরপর ফের আগামীর ১৬ তারিখ অর্থাৎ রথযাত্রার দিন থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা এবং হাওড়াতে। ১৭ তারিখেও এই পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রেও আগামী ১৬ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।