বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৯ অগাস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ দুই ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আগামী ৩০ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই মেদিনীপুরে। এবং ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াতে। মৎস্যজীবীদের আগামী ২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।