ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে। শীতের মরশুম কার্যত বিদায়ের ঘণ্টা বাজিয়ে ফেলেছে। কয়েক সপ্তাহ আগেও সকালের কুয়াশা, গায়ে হালকা সোয়েটার বা চাদর জড়িয়ে বেরোনোর দৃশ্য ছিল নিত্যদিনের ছবি। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গিয়েছে। ঠান্ডার রেশ বলতে গেলে আর নেই বললেই চলে। ভোরবেলা কিংবা গভীর রাতে কোথাও কোথাও হালকা ঠান্ডার স্পর্শ টের পাওয়া যাচ্ছে ঠিকই, তবে দিনের বেলায় ক্রমশই বাড়ছে উষ্ণতার অনুভূতি। রোদ এখন অনেকটাই তেজি, আর দুপুরের দিকে বাইরে বেরোলে গরমের আমেজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।এই পরিস্থিতিতে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। অর্থাৎ দিনের বেশিরভাগ সময়ই ঝকঝকে রোদ দেখা যাবে। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে বাইরে বেরোতে হলে আবহাওয়ার দিক থেকে তেমন কোনও বাধার মুখে পড়তে হবে না সাধারণ মানুষকে।