পুজোর ভিড়ে আপনি যখন মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখছেন, তখন আপনার পাশেই হয়তো ঘুরছে এমন কেউ, যাঁর নজর প্রতিমার দিকে নয়, আপনার গলার সোনার হার, হাতের ঘড়ি কিংবা মোবাইল ফোনের দিকে! আপনি একবার ঠাকুরের দিকে তাকালেন, আর সেই সুযোগেই আপনার অজান্তে গলার হার উধাও! আশপাশে এত মানুষ, এত ভিড়, অথচ কে আপনার সর্বনাশ করে দিল, তা বুঝে ওঠারও উপায় নেই! ভাবুন তো, ঠাকুর দেখার আনন্দে মেতে থাকার মুহূর্তেই যদি আপনার সঙ্গে এমন ঘটনা ঘটে, তাহলে কেমন লাগবে? আর যদি জানতে পারেন, আপনার চোখের সামনেই ভিড়ের মধ্যে মিশে এমন নিখুঁতভাবে হাত সাফাই চলছে, তাহলে তো চমকে উঠতেই হবে! কারণ, এবার পুজোর ভিড়কেই হাতিয়ার করে একের পর এক মণ্ডপে দর্শনার্থীদের সর্বস্ব হাতানোর ছক কষেছিল একটি আন্তঃরাজ্য চুরি ও ছিনতাই চক্র। আর সেই চক্রে শুধু পুরুষ নয়, ছিল মহিলারাও। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 13 জন। কিন্তু কীভাবে চলছিল এই হাত সাফাইয়ের কারবার? কীভাবেই বা ভিড়ের মধ্যে মিশে দর্শনার্থীদের চোখে ধুলো দিচ্ছিল এই চক্রের সদস্যরা? তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।