
অষ্টম দিনে পড়ল ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ। আর এ দিন সকাল থেকেই ইরানের রাজধানী তেহরানের উপর ভারী বোমা বর্ষণ শুরু করেছে ইজরায়েল বলে খবর।
ইজরায়েলের তরফ থেকে জানান হয়েছে, ইরানের সেনা ঘাঁটি, পরিকাঠামো এবং পরমাণু ঘাঁটিতে হামলা চালান হয়েছে। এছাড়া বেইরুট ও লেবাননেও আক্রমণ করা হয়েছে বলে দাবি। আবার ও দিকে ইরানও চুপ করে বসে নেই। তারাও ইজরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলা চালিয়েছে বলে খবর মিলেছে।
৮০টি ফাইটার জেট প্রবেশ করেছে ইরান
ইজরায়েলের সেনার তরফে জানান হয়েছে যে ৮০টি যুদ্ধবিমান শুক্রবার তেহরানে প্রবেশ করে। সেখানকার সেনা ঘাঁটি এবং পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালান হয়েছে।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এয়ারফোর্সের ফাইটার জেট ইরানের সেনার ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। শুধু তাই নয়, ইসলামিক রেভোলিউশনারি গার্ডের মিলিটারি ইউনার্ভিসিটি, ইমাম হোসেন ইউনির্ভাসিটিতেও হামলা চালান হয়েছে।
এখানেই শেষ নয়, ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে যে ইরানের একাধিক মিসাইল ইউনিটের উপরও আঘাত হানা হয়। মিসাইল লঞ্চ করার জায়গা এবং বাঙ্কারে হামলা চলান হয়।
ইজরায়েল জানিয়েছে যে ব্যালিস্টিক মিসাইল মাটির তলায় স্টোর করে রাখত ইরান। সেখানেই হামলা চালান হয়। যার ফলে বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
যুদ্ধ থামার নাম নেই
মাথায় রাখতে হবে, এই যুদ্ধ এখনও থামার লক্ষণ নেই। রোজই তা বেড়ে চলেছে। আর সেটাই ভয়ের বিষয়। ইজরায়েল, আমেরিকা যেমন হুমকি দিচ্ছে, তেমনই চুপ নেই ইরানও। দুই দলই হুমকি দিচ্ছে। আর তাতেই ভয়ে রয়েছে গোটা বিশ্ব। দাম বাড়ছে অপরিশোধিত তেলের। গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
আর খারাপ খবর হল, সেই আশঙ্কা সত্যি করে ইতিমধ্যেই ভারতে বেড়েছে গ্যাসের দাম। কলকাতায় গার্হস্থ্য ১৪.২ কেজির গ্যাসের দাম ৬০ টাকা বেড়েছে। যার ফলে নতুন দাম হয়েছে ৯৩৯ টাকা। আগে দাম ছিল ৮৭৯ টাকা। আর তাতেই মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। যদিও গ্যাস সরবরাহকারী সংস্থারা জানিয়ে দিয়েছেন যে এখনও প্রায় ১ মাসের মতো গ্যাস মজুত রয়েছে। তাই চিন্তার কিছু নেই। তবে তাতেও সাধারণ মানুষের মনে ভয় কমছে না। বিশেষত, তাঁরা গ্যাসের পাশাপাশি পেট্রোল, ডিজেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। এখন দেখার কোন দিকে যায় পরিস্থিতি।