Advertisement

Afghanistan: 'আঙুল তুললেই...', হুঁশিয়ারি আফগান সেনাপ্রধানের, ১২ সেনা নিহত স্বীকার পাকিস্তানের

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নতুন মাত্রা পেল শুক্রবারের বিমান হামলার ঘটনাকে ঘিরে। ইসলামাবাদে হামলার পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, এতে তাদের ১২ জন সেনা নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। এক সেনা নিখোঁজ বলেও জানানো হয়েছে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 6:30 PM IST
  • আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নতুন মাত্রা পেল শুক্রবারের বিমান হামলার ঘটনাকে ঘিরে।
  • ইসলামাবাদে হামলার পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, এতে তাদের ১২ জন সেনা নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নতুন মাত্রা পেল শুক্রবারের বিমান হামলার ঘটনাকে ঘিরে। ইসলামাবাদে হামলার পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, এতে তাদের ১২ জন সেনা নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। এক সেনা নিখোঁজ বলেও জানানো হয়েছে।

আফগান সেনাপ্রধানের কড়া বার্তা
আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরত পাকিস্তানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বক্তব্য, আফগানিস্তানের সার্বভৌমত্ব বা ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা হলে তার জবাব আরও শক্ত ও সিদ্ধান্তমূলক হবে।

তিনি বলেন, 'তোমরা যদি আঙুল তোলো, আমরা মুষ্টি তুলে জবাব দেব।' পাকিস্তানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি আরও দাবি করেন, আফগানিস্তান কোনও আক্রমণের জবাব না দিয়ে ছেড়ে দেবে না। এমনকি পাকিস্তান যদি আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ইসলামাবাদসহ দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিও নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় হামলা
শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী আবাসন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটি সেনা ক্যাম্পে বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। পাশাপাশি খাইবার পাখতুনখোওয়া, নওশেরা, জামরুদ এবং অ্যাবোটাবাদ এলাকাতেও হামলার খবর মিলেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এক সংবাদ সম্মেলনে জানায়, আফগান হামলায় ১২ সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন নিখোঁজ হয়েছেন। পাকিস্তানের দাবি, পাল্টা অভিযানে তারা ২৭৪ জন আফগান যোদ্ধাকে হত্যা করেছে, ৭৩টি পোস্ট ধ্বংস এবং ১৮টি দখল করেছে। এছাড়া বহু ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও জানানো হয়।

ডিজি আইএসপিআর আফগান তালেবান সরকারকে 'আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে অভিযোগ করেন, এই হামলা একটি সংগঠিত ও পরিকল্পিত প্রক্সি অভিযানের অংশ।

আফগানিস্তানের দাবি
অন্যদিকে আফগানিস্তানের দাবি, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাশাপাশি ৮ জন আফগান সেনার মৃত্যুর কথাও তারা স্বীকার করেছে। কাবুল ও কান্দাহারে পাকিস্তানের পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবেই এই আঘাত হানা হয়েছে বলে জানানো হয়।

Advertisement

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাকানি খোস্তের এক বিশাল সমাবেশে ভাষণ দিয়ে জনগণের দৃঢ়তার প্রশংসা করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম।

জনমনে ক্ষোভ
এ ঘটনার পর আফগানিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই পাকিস্তানকে আগ্রাসনের জন্য দায়ী করে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ ধর্মীয় ভাষ্য টেনে ‘জিহাদ’-এর ডাক দেওয়ার কথাও বলেছেন।

 

Read more!
Advertisement
Advertisement