
আত্মঘাতী হামলা করানোর ক্ষেত্রে সাধারণত পুরুষদেরই ব্যবহার করে থাকে জঙ্গি সংগঠনগুলো। তবে এবার পাকিস্তানের বিভিন্ন প্রদেশে হামলা চালাল মহিলা আত্মঘাতী বোমারুরা। বালোচ লিবারেশন আর্মি (BLA) নিজেই এই তথ্য সামনে এনেছে। তাদের তরফে ২ হামলাকারীর ছবিও প্রকাশ করা হয়েছে।
যে ২ জন এই হামলা চালিয়েছে তাদের মধ্যে একজনের নাম আসিফা মেঙ্গাল। মাত্র ২৪ বছর বয়সী ওই যুবতীর হামলার জেরে নিরাপত্তারক্ষী-সহ ৫০ জন মারা যায়। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানি সেনা। প্রায় ৪০ ঘণ্টা ধরে চলা তাদের অভিযানে ১৪০ জনেরও বেশি বালোচ বিদ্রোহীকে হত্যা করে তারা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, লাগাতার বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলছে।
এদিকে বালোচ লিবারেশন আর্মির তরফে জানানো হয়েছে, ২৪ বছরের মেঙ্গাল বালুচিস্তানের নুশকির বাসিন্দা। সে ২১ তম জন্মদিনে সংগঠনে যোগ দিয়েছিল। ২০২৪ সালে সে আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নেয়। এরপর পরিকল্পনামতো শনিবার আইএসআই সদর দফতরে হামলা চালায়।
তবে আর এক হামলাকারী যুবতীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। হামলার আগে তার এক ভিডিও দেখা যায়। সেখানে তাকে এক পুরুষ সহকর্মীর সঙ্গে পাকিস্তান নিয়ে উপহাস করতে দেখা গেছে। তাকে বলতে শোনা যায়, 'তারা কেবল আমাদের মা-বোনেদের উপর অত্যাচার করে। তারা পিছন থেকে হামলা করে। আমাদের সামনে দাঁড়ানোর সাহস নেই।'
স্থানীয় ভাষায় ওই যুবতীকে আরও বলতে শোনা যায়, 'আমাদের নিজেদের জাগ্রত করতে হবে। বেলুচ জাতিকে জাগ্রত করতে হবে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। শত্রুর দিন শেষ। তাদের খুব বেশি শক্তি আর নেই। দেখুন, আজ আমাদের যোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করছে।'
শনিবার বিএলএ জানিয়েছে, তারা বেলুচিস্তানজুড়ে তাদের অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করেছে। এদিকে পাকিস্তান সরকারের তরফে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ। পৃথক দেশের দাবিতে সেখানে কয়েক দশক ধরে আন্দোলন করে যাচ্ছে বিএলএ।