
Delhi Protest Detentions: দিল্লির পরিস্থিতি নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করল রাষ্ট্র সঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত দফতর। সরকার ও প্রশাসনের প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আর্জি জানিয়েছে রাষ্ট্র সঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (UNHCR)। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে এবং নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে। শনিবার দিল্লিতে বড় আকারে প্রতিবাদের ডাক দিয়েছিল CJP। তাতে সামিল হয় বিরোধী দলগুলিও। তবে সকাল থেকেই আন্দোলন শুরুর আগে এবং চলাকালীন একাধিক ব্যক্তিকে আটক করা হয়।
রাষ্ট্র সঙ্ঘের মানবাধিকার দফতরের মুখপাত্র থামিন আল-খিতান এরপরেই এই বিবৃতি প্রকাশ করেন। তাঁর বক্তব্য, ভারতে বিক্ষোভকারী, আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তি, নাগরিক সমাজের সংগঠনের সদস্য, আইনজীবী এবং সাংবাদিকদের গণহারে আটক করার খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ।
শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষার আর্জি
রাষ্ট্র সঙ্ঘের বক্তব্য, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া এবং প্রতিবাদ জানানোর অধিকার রক্ষা করতে হবে। কোনও বিক্ষোভের উপর বিধিনিষেধ আরোপ করতে হলে তা একান্ত প্রয়োজন কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে সেই বিধিনিষেধ পরিস্থিতির তুলনায় অতিরিক্ত কড়াকড়ি হচ্ছে কি না, সেটিও বিবেচনা করতে হবে। বিক্ষোভ সামলানোর ক্ষেত্রে পুলিশ এবং অন্যান্য আইনরক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ করেছে UNHCR।
আটক ব্যক্তিদের মুক্তির দাবি
যাঁদের যথাযথ আইনি কারণ ছাড়া আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। শুধু তাই নয়, আন্দোলনকারীদের অভিযোগ ও দাবি গুরুত্ব সহকারে শোনার জন্য সরকারকে আলোচনায় বসার পরামর্শও দেওয়া হয়েছে।
রাষ্ট্র সঙ্ঘের বিবৃতিতে বলা হয়েছে, একটি বৃহৎ সংখ্যক মানুষ যদি কোনও বিষয় নিয়ে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে, তার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করলে হবে না। বরং তাঁদের সঙ্গে প্রাসঙ্গিক আলোচনায় বসা প্রয়োজন। তাঁদের বক্তব্য শোনা এবং সমস্যার সমাধানের পথ খোঁজাও জরুরি।