
ইরান কখনওই পরমাণু অস্ত্র বানাবে না। এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প লেখেন, 'ইরান সম্মত হয়েছে যে তারা কখনও পারমাণু অস্ত্র তৈরি করবে না! এছাড়া আমেরিকা ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে বলে যে খবর রটেছে, এমন খবর সম্পূর্ণ ভুয়ো। এটা ডেমোক্র্যাটরা ছড়াচ্ছে।'
আর ট্রাম্পের এই পোস্ট সামনে আসার পরই তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আসলে ইতিমধ্যেই ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা শান্তি চুক্তি ফাইনাল হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছিলেন, তাহলে পরমাণু অস্ত্রের ঠিক কী হল? আর সেই বিষয়টা নিয়েই নিজের বক্তব্য জানালেন ট্রাম্প।
যদিও ট্রাম্পের এই পোস্টটি মূলত ইরানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের জবাব বলেই মনে করা হচ্ছে। তবে একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই অঙ্কটি ৩০০ মিলিয়ন ডলার নয়, বরং ৩০০ বিলিয়ন ডলার। ত
ট্রাম্প ও ভ্যান্সের দাবি
ট্রাম্পের বক্তব্যকে দ্রুত সমর্থন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরানকে পারমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই ছিল প্রশাসনের মূল লক্ষ্য।
এক্স-এ ভ্যান্স লেখেন, 'প্রেসিডেন্ট প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছেন—ইরান কখনওই পরমাণু অস্ত্র পাবে না।'
তিনি এই চুক্তিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবেও তুলে ধরেন। ভ্যান্স বলেন, 'আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আমেরিকার জনগণকে ভাল ফল দিয়েছে। যদিও অনেকেই তা ব্যর্থ করার চেষ্টা করেছে।'
এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা করেন যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফ্রান্সে জি-৭ সম্মেলনে পৌঁছে তিনি জানান, জেনেভায় এ সপ্তাহে অনুষ্ঠিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স উপস্থিত থাকবেন।
ও দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকা-ইরান সমঝোতা স্মারককে সংঘাত শেষ করার পথে একটি 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' বলে উল্লেখ করেন। তবে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত চুক্তি এখনও বাকি।