
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন এবং এই বৈঠককে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেন, 'আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি।' তিনি আরও যোগ করেন, ' মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে তারা পৃথিবীতে পরমাণু অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায় এবং এই অস্ত্র ব্যবহারের ঝুঁকি কীভাবে হ্রাস করা যায়, তা নিয়ে আলোচনা করতে পারে।'
ট্রাম্প: পরমাণু অস্ত্র এবং 'সকল সমস্যা' নিয়ে আলোচনা
ত্রিপক্ষীয় বৈঠকের উদ্বোধনকালে ট্রাম্প বলেন, তিন নেতা বিশ্বব্যাপী আলোচিত সব বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, পরমাণু অস্ত্র হ্রাস এবং এর ব্যবহারের ঝুঁকি সীমিত করার বিষয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন বিশেষ অবস্থানে রয়েছে এবং এই তিনটি দেশের বিশেষ দায়িত্ব রয়েছে।
ট্রাম্প মতপার্থক্য থাকা সত্ত্বেও নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, অতীতে অনেক নেতা মতবিরোধের সময় তাদের প্রতিপক্ষের সঙ্গে আলোচনা এড়িয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না।'
শি জিনপিং: প্রধান শক্তিগুলোর মধ্যে সমন্বয় 'অত্যন্ত গুরুত্বপূর্ণ'
শি জিনপিং ট্রাম্প ও পুতিনের সঙ্গে বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুসারে, তিনি বলেছেন, প্রধান দেশগুলোর মধ্যে সুসম্পর্ক অপরিহার্য। শি বলেন, 'প্রধান দেশগুলোর মধ্যে সুসম্পর্ক কোনও বিকল্প নয়, বরং অপরিহার্য বিষয়।'
তিনি বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিনটি দেশের একসঙ্গে কাজ করা উচিত। তিনি আরও সতর্ক করেন যে, প্রধান দেশগুলো নিজেদের মধ্যে লড়াই করলে বিশ্বে বিশৃঙ্খলা দেখা দেবে। তিনি বলেন, প্রধান শক্তিগুলো সমন্বিতভাবে কাজ করলে বিশ্ব শান্তি বিরাজ করে।
শিংপিং-এর বক্তব্য, 'যদি প্রধান দেশগুলো নিজেদের মধ্যে লড়াই করে, তাহলে বিশ্বে বিশৃঙ্খলা দেখা দেবে।' শি তিন নেতাকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের যৌথ দায়িত্বের ওপর জোর দেন।
শি আরও বলেন, 'পারমাণু যুদ্ধে জেতা সম্ভব নয়, এবং এই যুদ্ধ করাও উচিত নয়। এটি প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত।' চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার মতে, শি জিনপিং বলেছেন, চিন-মার্কিন সম্পর্কে কোনও বড় ধরনের অবনতি এড়াতে তাইওয়ান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। শি আরও বলেছেন, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পরমাণু অস্ত্র সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও ধ্বংস করা উচিত।
পুতিন: গঠনমূলক সহযোগিতা স্থিতিশীলতা জোরদার করতে পারে
পুতিন বলেছেন, রাশিয়া, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা জোরদার করতে পারে। একজন দোভাষীর মাধ্যমে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এই তিন দেশের যৌথ দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, নেতাদের জ্বালানি নিরাপত্তাসহ বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা উচিত।