
নোবেল প্রাইজ না পাওয়ার হতাশা ভুলতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (স্থানীয় সময়) সেই হতাশা লুকিয়েও রাখেননি তিনি। তবে এখনও নোবেল পেতে তিনি যে ইচ্ছাপ্রকাশ করছেন, তাও ধরা পড়েছে মার্কিন প্রেসিডেন্টের কথায়। অনেক আগেই নরওয়ের প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার নিয়ে চিঠি লিখেছিলেন ট্রাম্প। আর এবার তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের বিষয়টি তুলে ধরেছেন।
ডোনাল্ড ট্রাম্প জানান, নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি নরওয়ের হাতে। তবে তাঁর এই পুরস্কারে সম্মানিত হওয়া উচিত। এই প্রসঙ্গে ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এখন পর্যন্ত তিনি আটটি যুদ্ধের মীমাংসা করে লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছেন। এদিন তিনি বলেন, "আমি নোবেল পুরষ্কার নিয়ে চিন্তা নাও করতে পারি , তবে আমি জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি।"
এরপর ট্রাম্প বলেন, "নোবেল পুরস্কার নিয়ে আমার কিছু যায় আসে না। একজন অসাধারণ নারী (মারিয়া মাচাদো) ভেবেছিলেন আমি এর যোগ্য এবং তিনি চেয়েছিলেন আমি যেন এটি জিততে পারি। আমি এর প্রশংসা করি।" ট্রাম্প বলেন, "যারা মনে করেন নরওয়ে নোবেল পুরস্কার কে পাবে, তা নিয়ন্ত্রণ করে না, তাঁরা নিশ্চয়ই মজা করছেন। নোবেল পুরস্কারের জন্য একটি বোর্ড নিশ্চয়ই আছে। কিন্তু নরওয়ে সেই বোর্ডকে নিয়ন্ত্রণ করে। নরওয়ে কী বলে তাতে আমার কিছু যায় আসে না।"
আমেরিকান প্রেসিডেন্ট এরপরেই তুলে আনেন ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ। তিনি দাবি করেন, "আপনারা যদি এই দুটি দেশের দিকে তাকান, উভয়ই পারমাণবিক শক্তিধর।" ট্রাম্প বলেন, "অনেক দেশ যারা ৩০ বছর ধরে যুদ্ধে জড়িয়ে ছিল, কিছু ক্ষেত্রে ৩৫ বছর ধরে, আমি সব শেষ করে দিয়েছি। আমরা আটটি যুদ্ধ বন্ধ করেছি এবং খুব শীঘ্রই আমরা নবমটিও বন্ধ করতে পারব।"
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় ৮০ বার ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ করার দাবি করেছেন। তবে ভারত বারবারই কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প আরও বলেন, "ইতিহাসে তাঁর চেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য আর কেউ নেই।" তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও সমালোচনা করেন, যিনি ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরপরই এই পুরস্কার পেয়েছিলেন। ট্রাম্প দাবি করেন, ওবামা নোবেল পাওয়ার মতো কিছুই করেননি।