Advertisement

Iran drone attack Fujairah May 2026: ফুজাইরাহ-র তেল কেন্দ্রে ইরানের ড্রোন হানা, জখম ৩ ভারতীয়

৪ মে, সোমবার সংযুক্ত আরব আমিরাতের (UAE) ফুজাইরাহ অয়েল টার্মিনাল বা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে (FOIZ) ভয়াবহ ড্রোন হামলা চালাল ইরান। এই অতর্কিত হামলায় সেখানে কর্মরত তিন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের চোট পেয়েছেন।

Iran US Frigate AttackIran US Frigate Attack
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 May 2026,
  • अपडेटेड 12:03 AM IST

Iran drone attack Fujairah May 2026: পশ্চিম এশিয়ায় শান্তির বাতাবরণ ফের ফিকে হয়ে এল। ৪ মে, সোমবার সংযুক্ত আরব আমিরাতের (UAE) ফুজাইরাহ অয়েল টার্মিনাল বা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে (FOIZ) ভয়াবহ ড্রোন হামলা চালাল ইরান। এই অতর্কিত হামলায় সেখানে কর্মরত তিন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের চোট পেয়েছেন। ড্রোন আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে তৈলক্ষেত্রে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিভিল ডিফেন্সের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনও থমথমে।

মিসাইল বনাম ইন্টারসেপ্টর
আমিরাত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ইরানের দিক থেকে শুধু ড্রোনই নয়, ধেয়ে এসেছিল চারটি শক্তিশালী মিসাইলও। তার মধ্যে তিনটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দেয় আমিরাতের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। চতুর্থটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আছড়ে পড়ে সমুদ্রে। দুবাই ও আবুধাবির বাসিন্দাদের মোবাইলে এদিন দফায় দফায় সতর্কতা বার্তা পাঠানো হয়। জানালা-দরজা থেকে দূরে কোনো নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয় সাধারণ মানুষকে।

ভেঙে গেল শান্তিচুক্তি
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, এই হামলা কার্যত তাকে চুরমার করে দিল। এর আগে ১৪ মার্চও ফুজাইরাহ-র এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামোয় ড্রোন হানা হয়েছিল। পশ্চিম এশিয়ার এই ক্রমবর্ধমান সংঘাতে এ পর্যন্ত ৮ জন ভারতীয়র মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক ডজন। গত মার্চেই আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক ভারতীয়র মৃত্যু হয়েছিল।

আতঙ্কে অনাবাসী ভারতীয়রা
রোজগারের আশায় মরুশহরে যাওয়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে ফের দুশ্চিন্তা দানা বাঁধছে। এদিন জখম ৩ ভারতীয়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কূটনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যে ইরান বনাম আরব বিশ্বের এই সংঘাত যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, যার আঁচ এসে পড়ছে ভারতের মতো দেশগুলোর ওপরও।

 

Read more!
Advertisement
Advertisement